হাদি হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে অবরোধ কর্মসূচি
“হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলছে চলবেই।”
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি চলছে।
রোববার বেলা আড়াইটার দিকে নগরের টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।এতে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় টাউন হল মোড় যান চলাচলে বিঘ্ন হয়ে কিছুটা জনভোগান্তির সৃষ্টি হয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান তারেক বলেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলছে চলবেই। প্রকাশ্যে দিবালোকে একটি মানুষকে খুন করে কিভাবে খুনিরা দেশ ছাড়লো? প্রশাসন কেন তাদেরকে ধরতে পারলো না। তাহলে কি তারাই তাদের দেশ ছাড়তে সহযোগিতা করেছে।”
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, মাজহারুল ইসলাম রানা, ফয়সাল ফারনিম, সাইফ চৌধুরী এবং মাওলানা ইয়াসীন আরাফাত আনন্দিপুরী।
বক্তারা ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
