২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

সিন্ডিকেট সভায় আন্দোলন ঘিরে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 02:12 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিকালে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে রোববার শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবার জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কার্যক্রম নিষিদ্ধ করে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি ওঠে।

একই দিনে শিক্ষার্থীরাও চার দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের একটি দাবি ছিল ক্যাম্পাসকে সব ধরনের রাজনীতিমুক্ত করা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২৩-এর ধারা ৪৪(৫) অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর যেকোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হল। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই নির্দেশনা আসে। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আবাসিক হল খুলে দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে উপাচার্য বা ওই দায়িত্ব পালনকারী শিক্ষক প্রয়োজনীয় নেবেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে, সিন্ডিকেট সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি ওঠে।