বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ছাড়াল
বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন।
বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
শুক্রবার বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট দুই হাজার ১৮৮ জন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন পাঁচজন।
বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০৬ রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরও ভর্তি আছেন ৩৫ জন।
আক্রান্তদের মধ্যে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ২১ জন। পাঁচজনের সবাই এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে হাসপাতালে চিকিৎসক এবং নার্স সংকট থাকায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে ১০ জন চিকিৎসক এবং ১০ জন সিনিয়র স্টাফ নার্স পদায়ন করা হয়েছে। ১০ দিন অতিবাহিত হলেও পদায়ন করা পাঁচ চিকিৎসক এবং নয় নার্স এখনো যোগদান করেননি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
বরগুনা জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনায় ডেঙ্গু আতঙ্কে রূপ নিয়েছে। আমাদের সচেতন হতে হবে।
“অন্য জেলার সঙ্গে এ জেলার পার্থক্য হচ্ছে, এক দিনের জ্বর নিয়েও অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমনিতেই বরগুনা ডেঙ্গুর ‘হটস্পট’ এবং আক্রান্ত হওয়া রোগীর ভর্তি সংখ্যা বেশি। এ কারণেই আমাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।”
