বাড়ির পাশে তৈরি করা গর্তে জমা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটেছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন।
নিহতরা হল- ওই গ্রামের জলিল মিয়ার ছেলে জিহাদ (৫) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে সাড়ে তিন বছরের রায়হান।
স্বজনরা জানান, রায়হান তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুই শিশু সম্পর্কে মামা-ভাগনে।
পরিবার জানায়, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুসময় পর তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কেটে তৈরি করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের লাশ পাওয়া যায়।
তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউসুফ মিয়া বলেন, সকাল ১১টার দিকে জিহাদ ও রায়হানকে না পেয়ে চারদিকে শোরগোল শুরু হয়। একপর্যায়ে ডোবায় একজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে আরেকজনকেও সেখানে নিথর অবস্থায় পাওয়া যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, “দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে পড়েই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে সবাই বলছে। ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। কেউ কোনো অভিযোগ করেনি।
