২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় অটোরিকশা-পাওয়ার টিলার সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু

সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল। পথে ইটবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 01:30 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন । 

শুক্রবার বিকালে উপজেলার বাজুনিয়াপাড়া এলাকায় গোবিন্দগঞ্জ-নাকাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। 

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বড় বাজুনিয়া পাড়ার পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) ও জয়পুরহাট সদরের বাসিন্দা সবদের আলী (৫০)। 

এ দুর্ঘটনায় আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসি বুলবুল বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলো। পথে বাজুনিয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন পাঁচ যাত্রী।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমা বেগম ও সবদের আলী মারা যান। 

ওসি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি আটক করা হয়েছে। তবে যানবাহন দুটির চালকদেরকে পাওয়া যায়নি।