শার্শায় চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ, থানায় অভিযোগ
“নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে।”
যশোরের শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম ইব্রাহিম খলিলের বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ হয়েছে জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, উপজেলার নাভারন ত্রিমোহিনী গ্রামে শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় সকালে ওই চেয়ারম্যান প্রার্থী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী এসএম ইব্রাহিম খলিল নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তিনি শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ঘটনার বর্ণনায় খলিল বলেন, “আমি রাতে নির্বাচনি গণসংযোগ শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। তারপর বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে দেখি, আমার বাড়ির সামনে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
“এতে আমিসহ পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ি। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে।”
ওসি শেখ মনিরুজ্জামান বলেছেন, “চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে রাতে দুটি বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ওই প্রার্থী থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
