২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের কাজ দীর্ঘায়িত হচ্ছে: তারেক রহমান

“নতুন করে কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 09:04 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেছেন, “সংস্কার সংস্কার কথা বলে সংস্কারের কাজ দীর্ঘায়িত হচ্ছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা সেটি খেয়াল রাখতে হবে। সংস্কার দীর্ঘায়িত হলে সমস্যা বাড়বে। আইনের শাসন ব্যবস্থা ভেঙে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির গতির লাগাম টেনে ধরতে হবে। দ্রুত গতিতে সংস্কার শেষ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

বুধবার বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ছাবের সরকারি পাইলট হাইস্কুলে মাঠে এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলার চরচান্দিয়া গ্রামে নয় বছর আগে বিচারবহির্ভূত হত্যার শিকার (ক্রসফায়ার) যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। 

নিহত মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

তারেক রহমান বলেন, “বিএনপি আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছিল। বিএনপি জানত স্বৈরাচারের একদিন পতন হবে। এজন্য বিএনপি জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। দেশের মানুষ রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা চায়।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাদের উদ্দেশে বলেন, “নতুন করে কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”

জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “জুলাই-অগাস্টে আন্দোলনে দুই হাজার মানুষ নিহত হয়েছে। ৩০ হাজার মানুষ আহত হয়েছে। প্রতিটি মানুষ প্রতিরোধ গড়েছিল। 

“পালিয়ে যাওয়ার আগে হাসিনা নির্বিচারে হত্যা করেছে। হত্যাকারী সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তাদের নেত্রী হাসিনার বিচার করতে হবে। আমরা বিচার করতে ঐক্যবদ্ধ।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, জয়নাল আবদিন ফারুক, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

বরকত উল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “আপনাদের ১৬ দিনের আন্দোলনে নয়, আমাদের ১৭ বছরের আন্দোলনে হাসিনা সরকার বিদায় নিয়েছে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন, না হলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। জুলাই আন্দোলনে ৪২৭ জন বিএনপির নেতা-কর্মী নিহত হয়েছে।”

এ সময় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “একটি দল ইসলামের নামে রাজনীতি করছে। শেখ হাসিনার আঁচল ধরে ক্ষমতায় গিয়েছিল। কারা ধর্ম নিয়ে রাজনীতি করে, কারা ধর্ম বেচে চলে তা দেশের মানুষ বোঝে।” 

তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, “লাদেনের মতো গুহায় বসে হুমকি দিচ্ছেন। অনলাইনে হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। এতে করে দলীয় নেতা-কর্মীদের মাঠে সরব রাখছেন। যে কারণে লালমনিরহাটে সরকারি আমলা লিফলেট বিতরণ করছে। যা অস্বাভাবিক।”

এ সমাবেশে ’২৪ এর গণঅভ্যুত্থানে নিহত ফেনীর ছয়, লক্ষ্মীপুরের ১৭ ও নোয়াখালীর ২২ পরিবারের মাঝে অনুদানের অর্থ তুলে দেন নেতা-কর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, আকবর হোসেন, গাজি হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।