২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের অপেক্ষায় রাবির একাধিক সড়ক, ভোগান্তিতে শিক্ষার্থীরা

“বর্ষার কারণে কাজ শুরু হয়নি, তবে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তায় পাথর দিয়ে সমান করার নির্দেশ দেওয়া হয়েছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একাধিক সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

বৃষ্টিপাত, নির্মাণকাজে ভারী যানবাহনের চলাচল এবং প্রশাসনের দীর্ঘসূত্রিতায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

সরজমিনে দেখা যায়, বিনোদপুর গেইট থেকে স্টেশনবাজার গেইট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা, নির্মাণাধীন ফাতিমা আল ফাহরিয়া (শেখ হাসিনা) হল থেকে হবিবুর রহমান হল হয়ে মতিহার উদ্যান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার, মাদার বখ্শ হল থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রায় ১০০ মিটার এবং রোকেয়া হল থেকে ফ্লাইওভার পর্যন্ত ৫০ মিটার রাস্তা দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে।

ফাতিমা আল ফাহরিয়া হল থেকে মতিহার উদ্যান সড়কে নির্মাণাধীন দুটি হলের সরঞ্জামবাহী ভারী যানবাহন চলাচল করে। বিনোদপুর–স্টেশনবাজার সড়কটি গত দেড় দশকেও সংস্কার হয়নি। মাদার বখ্শ–স্টেডিয়াম সড়কটিতে ইট বসানো হলেও এখন চলাচলের অনুপযোগী।

ছেলেদের সাতটি আবাসিক হল, চারুকলা, ফিশারিজ, ভেটেরিনারি ও কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রতিদিন এসব সড়ক ব্যবহার করতে হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দাবি জানালেও প্রশাসন শুধু মৌখিক আশ্বাস দিচ্ছে। খারাপ রাস্তার কারণে অনেক সময় দ্বিগুণ ভাড়া দিয়ে চলাচল করতে হয়।

মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী বদরুল ইসলাম জামিল বলেন, “দীর্ঘদিন ধরে নির্মাণকাজের অজুহাতে রাস্তাগুলোর কোনো সংস্কার হয়নি। বর্ষায় জলাবদ্ধতা ও কাদার কারণে চলাচল যেমন কষ্টকর, তেমনি শুষ্ক মৌসুমে ধুলায় পুরো পথ ঢেকে যায়। প্রশাসন যেন দেখেও না দেখার ভান করে থাকে!”

বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন মেহেরচন্ডী এলাকা থেকে প্রতিদিন ক্লাস করতে যান সাকিব মল্লিক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সোহরাওয়ার্দী হল থেকে মাদার বখ্শ হলের দিকের রাস্তা দিয়ে আমি প্রায় দুই বছর ধরে চলাচল করছি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় অচল হয়ে যায়। পায়ে হেঁটে কোনোভাবেই ক্লাসে যাওয়া সম্ভব হয় না। বিভিন্ন জায়গায় গর্ত এবং পানি জমে থাকায় সাইকেল নিয়েও যাওয়ার সুযোগ নেই।”

শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা সংস্কারের অজুহাত হিসেবে প্রশাসন বারবার নির্মাণকাজের বিষয়টি সামনে আনে। এদিকে ২০১৭ সালের ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে শেখ হাসিনা হল, কামারুজ্জামান হল, ১০ তলা শিক্ষক কোয়ার্টার, ২০ তলা একাডেমিক ভবন, ড্রেন নির্মাণসহ বেশ কিছু স্থাপনা নির্মাণের পরিকল্পনা হয়। পাঁচ দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ হলেও একটি কাজও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলো।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, “ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে, যা রাস্তা মেরামতের কাজকে বাধাগ্রস্ত করেছে। রাস্তাগুলোর টেন্ডার এরই মধ্যে হয়ে গেছে। অবকাঠামো উন্নয়ন প্রকল্প শেষ হলে রাস্তার কাজ শুরু হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “সড়ক সংলগ্ন কিছু নির্মাণাধীন ভবনের কাজে ভারী যানবাহন চলাচল করায় রাস্তায় অতিরিক্ত চাপ পড়ছে। এই মুহূর্তে বড় ধরনের সংস্কার কাজ শুরু করা সম্ভব না হলেও, যত দ্রুত সম্ভব উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।”

রাবির উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজই শুরু হতে সময় লাগে। এ অর্থবছরে প্রতিটি রাস্তার জন্য আলাদা বাজেট অনুমোদন হয়েছে, কিছু টেন্ডারও সম্পন্ন। বর্ষার কারণে কাজ শুরু হয়নি, তবে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তায় পাথর দিয়ে সমান করার নির্দেশ দেওয়া হয়েছে।”