ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা রোববার সাংবাদিকদের বলেন, “সোমবারের রায়কে কেন্দ্র করে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি থাকবে চার প্লাটুন বিজিবি সদস্য।”
এদিকে জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, “জেলাজুড়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এর বাইরেও প্রতিটা উপজেলা এবং মহাসড়কগুলোতে থাকবে পুলিশ-র্যাবের টহল।”
১৩ নভেম্বর ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙা উপজেলার কমপক্ষে পাঁচটি পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
