২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিচারের দাবিতে দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:52 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী অবস্থান ও সমাবেশ করেছে বিএনপি। 

কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সারাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী মিছিল ও সমাবেশ করেছেন।  

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ভোলা 

ভোলা জেলা বিএনপি অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে। দুপুর ১২টায় ভোলা প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলার সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, হারুন অর রশিদ ট্রুমেন। 

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন দলীয় নেতাকর্মীরা।

গোপালগঞ্জ

‘শেখ হাসিনা ও তার দোসরদের’ বিচারের দাবিতে গোপালগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনগুলো।

বুধবার সকালে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামের নিচে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে কর্মসূচি শুরু হয়। 

গোপালগঞ্জ বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য তৌফিকুল ইসলাম, কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য দেন। 

এদিকে, একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। 

শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামের থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। 

সেখানে সমাবেশে বক্তরা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করে তারা শেখ হাসিনার বিচার চান। 

জামালপুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর শহর বিএনপি।

দুপুরে স্থানীয় ফৌজদারি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ ও জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান। 

এ সময় বিএনপির নেতারা বলেন, দেশকে অশান্ত করতে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। 

এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।

জয়পুরহাট

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে জয়পুরহাটেও। 

বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান করে। 

এ সময় বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিএনপি নেতা সেলিম রেজা ডিউক, জাহেদা কামাল, কৃষক দলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্যসচিব মোক্তাদুল হক আদনান। 

দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ব্ক্তারা।

কর্মসূচিতে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুর

শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শেরপুর শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। 

পরে মিছিল শেষে কার্যালয় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হজরত আলী, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপম, মো. সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, কামরুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেন, মফিজুল মোল্লা, জাকারিয়া বাদল ছিলেন।

কুড়িগ্রাম

চিলমারী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

বুধবার দুপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। 

এতে বক্তব্য দেন, জাতীয়তাবাদী যুবদলের চিলমারী উপজেলা শাখার সদস্যসচিব রুহুল আমিন জিয়া, যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন বকুল, জাহাঙ্গীর আলম সাদ্দাম, আত্তাকুর রহমান আপেল, আতাউর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোত্তালেব রহমান, সদস্যসচিব আখতারুজ্জামান বাবু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন হৃদয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসাইন, জামিউল ইসলাম জনি, রাব্বি সরকার রাসেল, চিলমারী সরকারি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক রবিউল ইসলাম। 

নওগাঁ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার ‘দোসরদের’ বিচারের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বুধবার দুপুরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনা করেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জ্যেষ্ঠ আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজু শেখ, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম বক্তব্য দেন।

বক্তারা বলেন- ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে।

তারা বলেন, এছাড়া এই আন্দোলনে আরও অনেকের প্রাণ গেছে। তাই এই হত্যার বিচার করতেই হবে। ইতোমধ্যে মামলা হয়েছে তার (শেখ হাসিনা) বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া হবে না।