শেরপুর-৩: সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বাদশা
উপনির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।
বুধবার দুপুরে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন বাদশা। এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের একক প্রার্থীসহ মোট চারজন বৈধ প্রার্থী ভোটের মাঠে আছেন।
তারা হলেন- বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।
এর আগে বাদশা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি কেন্দ্রীয় কমিটি।
রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।
