২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণে ৫ জনের মৃত্যুদণ্ড

১২ বছর আগে খুলনা নগরীর এক কিশোরীকে অপহরণ করে পাঁচ ব্যক্তি ধর্ষণ করেন।

খুলনায় কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণে ৫ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 06:34 PM

Updated : 07 Sep 2022, 06:41 PM

খুলনা নগরীর খালিশপুরে এক কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড হয়েছে।

বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের বিশেষ পিপি ফরিদ আহমেদ জানান।

রায় ঘোষণার সময় আসামি আলী আকবর হৃদয় ও মেহেদী হাসান ইবু আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন অপর তিন আসামি পঙ্গু সোহেল, আবিদ হাসান মোহন ও আব্দুল্লাহ।

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে আদালতের বিশেষ পিপি ফরিদ আহমেদ জানান, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরী নগরীর খালিশপুরের ১ নম্বর বিহারী ক্যাম্পের একটি টিউবওয়েলে হাত-মুখ ধুচ্ছিল। এ সময় একই ক্যাম্পের আবিদ হাসান মোহন কিছু কিনে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে শিয়া মসজিদের কাছে নিয়ে যান।

“সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা আলী আকবর হৃদয় মোটরসাইকেলে তুলে ওই কিশোরীকে চরেরহাট এলাকার একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন।”

অভিযোগে আরও বলা হয়, এ সময় কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টায় আলী আকবর হৃদয় ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দিয়ে ওই ক্যাম্প কলোনির পাশে একটি মসজিদের সামনে রাস্তায় ফেলে যান। কিশোরী বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ঘটনার পরদিন কিশোরীর মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

চলতি বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার উপ-পরিদর্শক কাজী রেজাউল করিম ওই পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় ১৭ সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দেন বলে ফরিদ আহমেদ জানান।