চাকা ফেটে ট্রলি উল্টে খাদে, চালকের সহকারীর মৃত্যু
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে চালকের সহকারীর প্রাণ গেছে।
রোববার সকাল ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানিয়েছেন।
নিহত ১৮ বছর বয়সী তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভান্ডারিয়াগামী একটি তিন চাকার ইটবোঝাই ট্রলির সামনের চাকা হঠাৎ ফেটে গেলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় ট্রলির চালকের সহকারী তানভীর ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং চালক শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে সাব্বির নামে আরেক ট্রলির চালক স্থানীয়দের সহযোগিতায় তানভীরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
