পোশাক শ্রমিক হত্যা: নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ অগাস্ট ছাত্র-জনতার মিছিলে হামলায় আহত হয়ে পোশাক শ্রমিক বদিউজ্জামান হয়ে মারা যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক বদিউজ্জামান নিহতের ঘটনায় করা হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম।
গ্রেপ্তার আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ অগাস্ট শহরের চাষাঢ়ায় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়ে মারা যান পোশাক শ্রমিক বদিউজ্জামান।
পরে ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলা করেন বদিউজ্জামানের স্ত্রী আদুরী খাতুন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি।
ওসি নজরুল ইসলাম বলেন, পোশাক শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে তোলা হবে।
