২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা নয়, ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়ে আগরতলা থেকে আসা বাসটি: পুলিশ

হামলা নয়, জরুরি ব্রেক কষতে গিয়ে বাসটি রাস্তার এক পাশে চলে গিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সামান্য আহত হন। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়, বলেন বাসটির চালক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 07:09 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

আগরতলা থেকে ঢাকা হয়ে কোলকাতার পথে চলা একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়লেও ত্রিপুরার পরিবহনমন্ত্রী ও ভারতের একাধিক সংবাদমাধ্যম এটিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে বলে জানায় পুলিশ। 

ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বাসটিতে হামলা হয়েছে দাবি করে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। 

তার সেই পোস্টের বরাত দিয়ে সংবাদ পরিবেশন করে এবিপি আনন্দ নামে ভারতের একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ জাবেদুর রহমান রোববার দুপুরে তার কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে ভারতের সংবাদমাধ্যম ও পরিবহণমন্ত্রীর দাবি প্রত্যাখান করে বলেন, “বাসের যাত্রীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। যানটি দুর্ঘটনার কবলে পড়েছিল।” 

সংবাদ সম্মেলনে শ্যামলী পরিবহনের বাসটির চালক আসাদুল হকও ছিলেন। 

২০০৩ সাল থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কোলকাতাগামী বাস চলাচল শুরু হয়। 

এ রোডে চলাচল করা শ্যামলী পরিবহনের বাসটির চালক আসাদুল হকের বরাত দিয়ে পুলিশ জানায়, ভারতীয় সময় শনিবার সকাল সাড়ে ৯টায় আগরতলা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি বেলা ১১টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 

দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকায় আসার পর একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে পাশ কাটাতে যায়। তখন চালক ব্রেক কষে থামানোর চেষ্টা করলে বাসটি সড়কের একপাশে চলে যায় এবং সেখানে থাকা একটি তিন চাকার ভ্যানকে চাপা দেয়। 

এতে ভ্যানচালক ইব্রাহিম (৩০) সামান্য আহত হন। 

এ নিয়ে ইব্রাহিম ও বাসচালক মো. আসাদুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পরে স্থানীয় লোকজন ভ্যানচালক ইব্রাহিমকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। 

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে ভ্যানটিকে উদ্ধার করে। 

এ সময় শ্যামলী পরিবহনের কর্তৃপক্ষের প্রতিনিধি মেহেদী হাসান ও ভ্যান কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে বিষয়টির মীমাংসা হয়। পরে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বাসে হামলা হয়নি জানিয়ে চালক আসাদুল হক সাংবাদিকদের  বলেন, বাসে থাকা ভারতীয় যাত্রীদের সঙ্গেও স্থানীয় সাধারণ মানুষের কোনো বাক্‌বিতণ্ডা বা ঝামেলা হয়নি। 

তিনি বলেন, “ভারতীয় সংবাদমাধ্যমে বাসে হামলার খবর দেখে আমিও অবাক হয়েছি। ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনার বিষয়টিকে ‘হামলা’ বলে অপপ্রচার চালানো হচ্ছে।”

এদিকে ত্রিপুরা সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বাসের ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ত্রিপুরা থেকে কোলকাতা যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহন। বাসটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্ঘটনায় ফেলার জন্য ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। 

ওই পোস্টে তিনি আরও বলেন, “এ সময় অপর একটি অটোর সাথে বাসটির সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি, ভারতবিরোধী শ্লোগান ও কটূক্তি করে।”

সুশান্ত চৌধুরীর এসব অভিযোগ সত্য নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন শ্যামলী পরিবহনের চালক আসাদুল হক।