২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘স্ত্রীকে মারধর করতে নিষেধ’ করায় ভাইকে পিটিয়ে হত্যা

এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

পাবনায় ‘স্ত্রীকে মারধর করতে নিষেধ’ করায় ভাইকে পিটিয়ে হত্যা
পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে নিহতের বাড়িতে স্বজনদের ভিড়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 07:18 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

পাবনা সদর উপজেলায় স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। 

নিহত আব্দুল ওহাব মণ্ডল (৫০) ওই গ্রামের প্রয়াত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।

আটক আরব আলী মণ্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

স্বজনদের বরাতে ওসি আব্দুস সালাম বলেন, “রাত ৩টার দিকে আরব তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মারধর করতে থাকেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব বলেন, “তাকে মারধর করার দরকার নেই। তার বাড়িতে খবর দাও, যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে বিপদ হবে।’

“এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল ওহাবকে মারপিট শুরু করেন আরব। এ সময় তিনি মারধর থেকে বাঁচতে দৌড়ে বাড়ির পাশে মাঠে গেলে সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন আবর।”

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা আরবকে আটক করে পুলিশে দেয়।

আব্দুল ওহাবের শ্যালক আব্দুল্লাহ বলেন, “এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশে মারধর করেছেন আরব। রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

পারিবারিক কলহের জেরে আব্দুল ওহাবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

ওসি আব্দুস সালাম বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে।

মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।