১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাবির সিন্ডিকেটেও ‘পোষ্য কোটা’ স্থগিতের সিদ্ধান্ত, ‘রাকসু যথাসময়ে’

সভায় ‘পোষ্য কোটা’কে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 08:06 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিন্ডিকেটেও ‘পোষ্য কোটা’ স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রাকসু নির্বাচনও ‘যথাসময়ে’ হবে বলে প্রশাসন জানিয়েছে।  

এ ছাড়া সভায় ‘পোষ্য কোটা’কে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকাল সোয়া ৫টায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ এসব তথ্য জানান। 

তিনি বলেন, “গতকাল ‘পোষ্য কোটা’কে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট আভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় (‘পোষ্য কোটা’) ভর্তি আপাতত স্থগিত থাকবে। 

“এ বিষয়ে সিন্ডিকেটে রিপোর্ট করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সব বডির সঙ্গে আলোচনা শেষে অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া, সিন্ডিকেট থেকে যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।”

এদিকে শনিবার ‘পোষ্য কোটা’ নিয়ে আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) সব কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “আমাদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে। আমাদের দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতি পালন করবো আমরা। তবে পরিবহন দপ্তর এবং রাকসু নির্বাচন এই কর্মসূচির বাইরে থাকবে।”

আরও পড়ুন:

'পোষ্য কোটা': কর্মবিরতিতে রাবি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী

‘পোষ্য কোটা’: রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা

‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা

'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে