১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পোষ্য কোটা’: কর্মবিরতিতে রাবি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী

“উপ-উপাচার্য স্যারসহ শিক্ষকদের শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। যারা এমন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।”

‘পোষ্য কোটা’: কর্মবিরতিতে রাবি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী
বিশ্ববিদ্যালয়ের ‘বুদ্ধিজীবী চত্বরে’ বসে আছেন কর্ম বিরতিতে যাওয়া শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

উপ-উপাচার্য ও প্রক্টরকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করার অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ‘বুদ্ধিজীবী চত্বরে’ রোববার সকাল থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বসে থাকতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।

এর আগে শনিবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং অধ্যাপক আব্দুল আলিম এই কর্মসূচির ঘোষণা দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “রোববার উপ-উপাচার্য স্যারসহ শিক্ষকদের শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তাকে বাসাতেও ঢুকতে দেওয়া হয়নি।

“যারা এমন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।”

‘পোষ্য কোটা’: রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা

‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা

এই কর্মসূচি রাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি-না জানতে চাইলে তিনি বলেন, “রাকসুতে কোনো প্রভাব ফেলবে না। রাকসু সবার প্রাণের দাবি। রাকসুকে আমরা আমাদের কর্মসূচির বাইরে রেখেছি।”

এর আগে ১৭ সেপ্টেম্বর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পোষ্য কোটা পুনর্বহাল না করা হলে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি দেন। 

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ভর্তি কমিটির সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে ‘পোষ্য কোটা’য় ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

‘পোষ্য কোটা’ পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন নয় শিক্ষার্থী। 

তাদের এ কর্মসূচি চলার মধ্যেই শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন শনিবার আড়াইটায় প্রশাসনিক ভবনে আসলে শিক্ষার্থীরা গাড়ি আটকে ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীরা এ সময় উপ-উপাচার্যের গাড়ির উপরে টাকা ছুড়ে দেন।

পরে উপ-উপাচার্য মাঈন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তার বাসভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা তার বাসভবনে তালা দেয়। এ সময় উপ-উপাচার্যসহ শিক্ষকদের একটি দল বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে প্রবেশের সময় শিক্ষার্থীরা সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে থাকে।

এ সময় উপ-উপাচার্যসহ শিক্ষকরা বিক্ষোভ উপেক্ষা করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তারা এগিয়ে যেতে চাইলে ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন শিক্ষার্থী পড়ে যান। তাদের ডিঙ্গিয়ে শিক্ষকরা জুবেরি ভবনে প্রবেশ করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।

রাতে ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে কয়েক হাজার ছাত্রী হল থেকে বেরিয়ে আন্দোলনে যোগ দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। 

'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে