Published : 21 Jul 2026, 03:59 PM
মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি মো. শামীম আহমেদ।
মারা যাওয়া শিশুরা হল দুই বছর বয়সি রাইসা ও সাড়ে তিন বছর বয়সি রাফিয়া। রাইসা ওই গ্রামের আমিনুর রহমান এবং রাফিয়া আলীনূর রহমানের মেয়ে। আমিনুর ও আলীনূর সহোদর।
স্থানীয় বাসিন্দা হান্নান মিয়া বলেন, সকালে সবার অজান্তে খেলা করতে করতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাকিব কাওসার বলেন, “হাসপাতালে আনার আগেই শিশু দুইটি মারা যায়। আমরা পরীক্ষা করে মৃত ঘোষণা করি।”
মহম্মদপুর থানার ওসি মো. শামীম আহমেদ বলেন, মৌশা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।