২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযানে আটক নারী ‘মাদক কারবারি’, উদ্ধার ২৭ কেজি গাঁজা

“গোপন সংবাদে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুমকে আটক করে র‌্যাব। এ সময় তার স্বামী জলিল পালিয়ে যায়।”

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 05:40 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

নওগাঁর বদলগাছী উপজেলায় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে; যাকে মাদক কারবারি বলছে র‌্যাব।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বদলগাছীর লক্ষ্মীপোল বুজরুক এলাকা থেকে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করে।  

শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এ তথ্য নিশ্চিত করেন।  

আটক ৩৫ বছর বয়সী কুলসুম খাতুন ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

মেজর আসিফ বলেন, “জলিল ও কুলসুম এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই দম্পতি নওগাঁ জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

“গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুমকে আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার স্বামী জলিল পালিয়ে যায়।”

আটক কুলসুমের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।