পদ্মায় বালু উত্তোলন: মানিকগঞ্জে দুই বিএনপি নেতাসহ আটক ২৪
অভিযানে পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড এবং ৮৫ হাজার টাকা জব্দ করেছে কোস্ট গার্ড।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপির দুই নেতাসহ ২৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
এ ছাড়া তাদের কাছ থেকে পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড এবং ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার ধূলসুরা ও ইব্রাহিমপুর এলাকায় নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ।
আটকদের মধ্যে হরিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু রয়েছেন। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানায়নি পুলিশ।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, আটক ২৪ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে তারা কোন দলের কি-না সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। ভোর রাতে পদ্মায় অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ২৪ জনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হচ্ছে বলে জানান তিনি।
নিজ দলের দুই নেতা আটকের বিষয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বালু উত্তোলনের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। আটকের বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি।
“তবে যদি কেউ জড়িত থাকে, তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
