Published : 20 May 2026, 08:15 PM
উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে টানা আন্দোলন আর কোরবানির ঈদের ছুটি সামনে রেখে ক্যাম্পাস ছেড়েছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েটের অধিকাংশ শিক্ষার্থী।
এই অবস্থার মধ্যে বুধবার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন উপজেলা পরিষদ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবালের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউ কথা বলতে চাননি।

পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার মধ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফটকে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ রয়েছে। সেখানে তালা দেওয়া। পকেট গেইটও বন্ধ। ক্যাম্পাসেও শিক্ষার্থীদেরও তেমন চলাফেরা চোখে পড়েনি।
ফটকে একাধিক শিক্ষার্থী বলেন, ‘লাল কার্ড’ প্রদর্শন, ‘ডুয়েট ব্লকেড’ এর ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। বৃহস্পতিবার থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার বিকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল ছাড়তে শুরু করে। যাদের বাড়ি অনেক দূরে তাদের একটি অংশ সকালেই ক্যাম্পাস ছেড়ে গেছে। ফলে সকাল ৯টা পর্যন্ত পকেট গেইট খোলা ছিল।ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খসরু মিয়া বলেন, “শিক্ষার্থীদের ১৫-২০ জনের একটি প্রতিনিধিদলের সঙ্গে ভিসি একাই সভা করেছেন। সেখানে অন্য কোনো শিক্ষক বা কেউ ছিলেন না।”
তিনি বলেন, “দফায় দফায় আমাদের আলোচনা চলছে। তবে বলার মত কোনো সমাধানে আসেনি।”
ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, “মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন ভিসি। শিক্ষকরা ভিসিকে শিক্ষার্থীদের তিন দফা দাবি সম্পর্কে অবহিত করেন।
“ভিসি শিক্ষকদের মাধ্যমে ছাত্রদেরকে অনুরোধ করেছিলেন অন্তত আন্দোলনকারীদের সঙ্গে যেন একবার বসার সুযোগ দেওয়া হয়। সেই অনুরোধ রক্ষা করেছেন শিক্ষার্থীরা। তবে বুধবারের বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা বলা যাচ্ছে না।”
এদিকে ডুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা বলেন, “ভেতরের সব কিছু বন্ধ রয়েছে। কোনো কার্যক্রম চলছে না। বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হবে।”
আরও পড়ুন:
ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’: এখনও ডুয়েটে যাননি ভিসি
ডুয়েটে 'ব্লকেড' কর্মসূচি, নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত
ডুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলনে ছাত্রশিবিরের হাত দেখছে ছাত্রদল
যোগ দিলেও ডুয়েটের ভিসি ক্যাম্পাসে ঢোকেননি, করলেন অনলাইনে সভা
ডুয়েটে নতুন ভিসি: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দফায় দফায় সংঘর্ষ