১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’: এখনও ডুয়েটে যাননি ভিসি

দুপুরের পর ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে আসছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 08:44 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েটে নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে আন্দোলন ষষ্ঠ দিনের মত অব্যাহত আছে। 

টানা দুদিন ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির পর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে। 

এদিকে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করার পর দুদিন পেরিয়ে গেলেও মঙ্গলবারও ক্যাম্পাসে প্রবেশ করেননি নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। তবে তিনি গাজীপুরে ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনকারীরা। দুপুর পর্যন্ত তারা ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেন। এ সময় তারা ডুয়েট থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান। 

দুপুরের পর ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে আসছেন। তখন আন্দোলনকারীরা ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিকাল ৩টায় আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। এ সময় তারা ফটকে তালা ঝুলিয়ে দেন। ফটকে কাঠ, গাছের গুঁড়ি, ভারি ভারি সরঞ্জাম ফেলে রাখা হয়। 

এ সময় আন্দোলনকারীরা তিনটি দাবি তুলে ধরেন, সেগুলো হচ্ছে- যে ভিসি রক্ত ঝরিয়েছে, তাকে চাই না, অনতিবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে। ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের স্থায়ী বহিষ্কার করতে হবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “সকাল থেকে আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্দিষ্ট অবস্থানে পুলিশও অবস্থান করছে।”

এদিকে ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, তিনি মঙ্গলবারও ক্যাম্পাসের বাইরে গাজীপুরেই অবস্থান করেছেন। সহকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠক ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। 

এ সময় আন্দোলনের বিষয়ে জানতে চাইলে উপাচার্য মোহাম্মদ ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ওদের বয়স কম। সব ঠিক হয়ে যাবে।” 

আরও পড়ুন:

ডুয়েটে 'ব্লকেডকর্মসূচিনতুন ভিসির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

ডুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলনে ছাত্রশিবিরের হাত দেখছে ছাত্রদল

যোগ দিলেও ডুয়েটের ভিসি ক্যাম্পাসে ঢোকেননিকরলেন অনলাইনে সভা

ডুয়েটে নতুন ভিসিশিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

'ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাইদাবিতে গাজীপুরে সড়ক অবরোধ