১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলনে ছাত্রশিবিরের হাত দেখছে ছাত্রদল

“সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে সাংঘর্ষিক একটি পরিস্থিতি তৈরি করেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 05:40 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ভিসির বিরুদ্ধে একদল শিক্ষার্থী যে আন্দোলনে নেমেছে, তাতে ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ তুলেছে ছাত্রদল।

ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠনটি বলেছে, 'সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে’ ছাত্রশিবিরের নেতাকর্মীরা ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। 

গত বৃহস্পতিবার ডুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইকবাল। এ খবর সামনে আসার পরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন ডুয়েটের একদল শিক্ষার্থী। 

আন্দোলনকারীদের দাবি, ডুয়েটের কোনো শিক্ষককেই উপাচার্যের দায়িত্ব দিতে হবে। 

এই আন্দোলন ঘিরে রোববার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দফায়-দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অংশটি বলছে, বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েছে। 

এর মধ্যে রোববার বিকালে ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইকবালকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার পরেই ‘সাধারণ শিক্ষার্থী লেবাসধারী’ ডুয়েটের ছাত্রশিবিরসংশ্লিষ্ট কিছু নেতাকর্মী তার বিরুদ্ধে আন্দোলনে নামে।

“ডুয়েট থেকে উপাচার্য বানানোর বায়না তুলে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। অথচ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে উপাচার্য নিয়োগ একটি বহুল চর্চিত বিষয়। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।”

ডুয়েটের আগের প্রশাসনের বিরুদ্ধে ‘অস্বচ্ছতা, দলবাজি, অনৈতিকতা, স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তুলে ছাত্রদল বলেছে, “এখন এই বিদায়ী প্রশাসন ও গুপ্ত সংগঠন ছাত্রশিবির মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

“এই লক্ষ্যেই চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে সাংঘর্ষিক একটি পরিস্থিতি তৈরি করেছে।”

আরো পড়ুন

ডুয়েটে নতুন ভিসিশিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দফায় দফায় সংঘর্ষ