Published : 17 May 2026, 03:58 PM
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েটে নতুন উপাচার্যর যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির মূল ফটক সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ শুরু হয় বলে জানান গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম।
পরে পুলিশ দুপুরের দিকে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে দ্বায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। তারপর থেকেই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য দিতে হবে।
এর ধারাবাহিকতায় রোববার সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির ব্যানারে বিক্ষোভের ডাক দেন আন্দোলনরতরা। সেজন্য সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা তুলনামূলক বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্যের দ্বায়িত্ব দেওয়া প্রয়োজন।

একপর্যায়ে নবনিযুক্ত ভিসির যোগদানের খবর ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপরই বহিরাগতরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দফায়-দফায় সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ সময় ঢাকা শিমুলতলী সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস ও অটো রিক্সাসহ অন্যান্য যানবাহন বিকল্প পথে চলাচল করছে।
পরে পুলিশ দুপুর ২টার দিকে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি (ডিবি) অশোক কুমার পাল বলেন, দুপুর পৌনে ৩টার দিকেও ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য তার অফিসে যাননি।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ক্যাম্পাসের বাইরে বৈঠক করছেন বলে জানা গেছে।
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।”
আগের সংবাদ
'ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই' দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ