গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-বিরোধী’ শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদ
বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচি থেকে বিরোধিতাকারীদের বিচারের দাবিও জানানো হয়েছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচি থেকে বিরোধিতাকারীদের বিচারের দাবিও জানানো হয়েছে।
বুধবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেনী শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি চলাকালে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুত, সিএসসি বিভাগের শিক্ষার্থী দূর্জয় শুভ, ফিনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের বিরোধিতাকারী কয়েকজন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। যা এই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। জুলাইবিরোধী এসব শিক্ষকদের পদোন্নতি বাতিলসহ বিরোধিতাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
দাবি মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেন তারা।
