রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যায় একজনের যাবজ্জীবন
২০২৩ সালের ২০ অগাস্ট রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়।
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আপিল আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব আলী খান জানিয়েছেন।
দণ্ডিত ২৭ বছর বয়সী মিলন শেখ পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের ২০ অগাস্ট রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ছোট ভাইয়ের কান্নার শব্দে রুনার মেয়ে উম্মে সিনহার ঘুম ভেঙে যায়। এ সময় বিছানায় মাকে না পেয়ে সে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলন শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে।
পরে উঠানে গিয়ে রুনাকে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে সে চিৎকার দিলে মিলন পালিয়ে যায়। তার উম্মে সিনহার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুনার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান তিন জনকে আসামি করে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মিলনসহ তিন আসামিকে গ্রেপ্তার করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব আলী খান বলেন, “এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলার বাকি দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলবে।”
