Published : 09 Jun 2026, 10:57 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি ১০ মিটার দীর্ঘ আরসিসি স্ল্যাব সেতু নির্মাণ করা হয়েছে।
অভিযোগ ওঠেছে, সেতুটি ব্যবহার উপযোগী করতে সংযোগ সড়ক নির্মাণ করা হলে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যাবে।
সুবিদপুর এলাকায় বিডিআরডব্লিউএসপি প্রকল্পের আওতায় এ সেতু নির্মাণ করা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী আজিজুল হক।
সেতু নির্মাণের কাজ ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০২৫ সালের ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে তিন কোটি ৭৯ লাখ ৫৪ হাজার টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস ইসলাম ব্রাদার্স কাজটি বাস্তবায়ন করছে। এরই মধ্যে ঠিকাদারকে ৭৪ লাখ ১৬ হাজার ১৭৯ টাকা পরিশোধ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্বাস হাওলাদার, মোর্শেদা বেগম, জামাল ও সবুজ বলেন, সেতুটি চালু করতে হলে তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা নিতে হবে, এতে তাদের চলাচলের পথ বন্ধ হবে। এর সমাধান দাবি করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পনা ছাড়াই সেতুটি নির্মাণ করা হয়েছে।
তারা অভিযোগ করেছেন, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসও) উপ-সহকারী প্রকৌশলী মঈনুল আযম ঠিকাদারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের সঙ্গে যোগসাজশে অনিয়ম করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী মঈনুল আযম বলেন, তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিকল্প চলাচলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, সেতুটি আগের একটি কালভার্টের স্থানে নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। স্থানীয়দের ক্ষতি না করে কীভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।