১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালতের হাজতে সন্তান কোলে ছাত্রলীগ নেতা, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

“জাকির হোসেন সন্তানকে কোলে নিতে পুলিশের কাছে আকুতি জানান। তখন পুলিশ তাকে সুযোগ করে দেয়,” বলেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক নাজমুল হক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 01:25 AM

Updated : 26 Aug 2026, 01:31 PM

হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশুসন্তান কোলে এক ছাত্রলীগ নেতার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

তারা হলেন— হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কন্সটেবল উজ্জ্বল মিয়া।

বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তাদের প্রত্যহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। 

হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, সোমবার মামলার হাজিরার জন্য ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কারাগার থেকে আদালতের হাজতখানায় রাখা হয়।

“তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। তারপর জাকির হোসেন তার সন্তানকে কোলে নেয়ার জন্য পুলিশের কাছে আকুতি-মিনতি করেন। এসময় তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ।”

নাজমুল হক বলেন, “সন্তান কোলে নেওয়ার ছবিটি ফেইসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।”

গত ১৫ জানুয়ারি জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে আটক করে পুলিশে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।