২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই পলাতক

পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 07:30 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ময়মনসিংহ সদর উপজেলায় জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডার জেরে লাঠির আঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার সন্ধ্যায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান।

নিহতের নাম আবদুল বাছেদ (৩৫)। তিনি উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে। 

পুলিশ জানায়, আবদুল বাছেদ ও তার ভাই মো. রাশেদুলের (২৫) মধ্যে পৈত্রিক জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে মায়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে বাছেদের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন রাশেদুল। 

অচেতন হয়ে পড়লে বাছেদকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটের দিকে বাছেদের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। ছোট ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।”