২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবক নিহত

মধ্যরাতে দোকানের তালা কেটে ফার্মেসিতে ঢুকে চুরির অভিযোগে তাকে আটক করে পিটুনি দেওয়া হয় বলে জানায় পুলিশ।

নরসিংদীতে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসিতে এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।

নিহত সাইফুল ইসলাম (৩০) উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দোকানের তালা কেটে ফার্মেসিতে ঢুকে চুরি করার সময় পথচারীরা ভিতরে শব্দ শুনতে পান। এ সময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসিতে চোর ঢুকেছে বলে জানান। 

খবর পেয়ে ফার্মেসি মালিক মনোয়ার ঘটনাস্থলে এসে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুলকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় সাইফুলকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাইফুল মারা যান বলে জানান ওসি আফজাল হোসাইন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।