১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা

‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা আজিজ মোল্লা ছেলে হত্যার বিচার দাবি করেন।

রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা
রাজবাড়ীতে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর ও দরবার শরিফে হামলার সময় নিহত রাসেল মোল্লা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ কবর ও দরবার শরিফে হামলার সময় নিহত রাসেল মোল্লার পরিবার এই ঘটনার বিচার দাবি করেছে। 

রাসেলের বাবা আজাদ মোল্লা অভিযোগ করেন, “শুক্রবার দুপুরের পর সেখানে উত্তেজিত জনগণ আমার ছেলের মুখটা হাতুড়ি দিয়ে পিটিয়েছে, পিঠে কুপিয়েছে। আমার ছেলের কী দোষ ছিল? কেন আমার ছেলেকে মারা হল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রিপাড়ার বাড়িতে বসে শনিবার আজিজ মোল্লা এই দাবি জানান।  

এ সময় তিনি কান্নজড়িত কণ্ঠে বলেন, “আমার রাসেল ছোট থেকেই নুরাল পাগলের ভক্ত ছিল। ছোট থেকেই গোয়ালন্দ পাক দরবার শরিফে যাওয়া-আসা করত, দরবারকে ভালোবাসত। শুক্রবারও সে সেখানে গিয়েছিল।” 

রাসেল মোল্লা (২৮) পেশায় ছিলেন কাভার্ড ভ্যানের চালক।

নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটির কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে তৌহিদী জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।

তার মধ্যেই জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে তৌহিদী জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা নুরুল হকের বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দরবার শরিফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় হামলায় বেশ কিছু ভক্ত-অনুসারী আহত হন। আহতদের কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাসেল মোল্লা মারা যান। 

শনিবার রাসেল মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা সেখানে ভীড় করেছেন। সেখানে শোকাহত পরিবেশ। তখনও মরদেহ এসে পৌঁছায়নি। 

আজাদ মোল্লা বলেন, মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। লোকজনের সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। 

তিনি আরও বলেন, দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা ও হত‌্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:

লাশ পোড়ানোর ঘটনা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের লঙ্ঘন: জামায়াত

'নুরাল পাগলা'র দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ

এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষ, মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে প্রশাসন

রাজবাড়ীর সেই 'নুরাল পাগলা'র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর

উঁচু বেদী করে কবর, 'শরিয়ত-বিরোধী' দাবি তুলে বিক্ষোভের হুঁশিয়ারি