১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নুরাল পাগলা’র দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় ‘নুরাল পাগলের’ দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলার’ দরবারে পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সা‌ড়ে তিন হাজার জন‌কে আ‌সা‌মি ক‌রা হয়েছে। 

শুক্রবার রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দি হ‌য়ে মামলা‌টি ক‌রেন বলে  শ‌নিবার সকা‌লে জানান ওই থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম।

শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে। 

নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়।

বিক্ষুব্ধদের অভিযোগ ছিল, নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন; যদিও তার পরিবার ও ভক্তারা সেই অভিযোগ অস্বীকার করেছেন।

এ নিয়ে ‘তৌহিদী জনতা’র মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।

ওসি রা‌কিবুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। 

“পরে নুরাল পাগলের দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পু‌লি‌শের গাড়ি।”

এ ঘটনায় অজ্ঞাত সা‌ড়ে তিন হাজার মানুষকে আ‌সা‌মি ক‌রে মামলা করা হয়েছে বলে জানান ওসি। 

তিনি আরও বলেন, ঘটনার পর থে‌কে নুরাল পাগলের দরবার শরীফ এলাকায় পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। বর্তমানে পরি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। দরবার শরী‌ফে সাধারণ মানু‌ষের প্রবেশ বন্ধ রাখা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ

এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষ, মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে প্রশাসন

রাজবাড়ীর সেই 'নুরাল পাগলা'র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর

উঁচু বেদী করে কবর, 'শরিয়ত-বিরোধী' দাবি তুলে বিক্ষোভের হুঁশিয়ারি