২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোমতীর পানি বিপৎসীমার উপরে, নদী পাড়ে আতঙ্ক

“প্রতি ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 10:12 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে।

এতে কুমিল্লায় বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লা শহর রক্ষা বাঁধে ছুঁই ছুঁই করছে। বাঁধটি ভেঙে গেলে কুমিল্লা নগরী ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হবে। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে মানুষের দিন কাটছে।

বুধবার বিকালে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, ভারতের উজানের থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে গোমতী নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, “প্রতি ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”

এরই মধ্যে কুমিল্লা নগরীর বেশিরভাগ এলাকায় বৃষ্টির পানি জমে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এছাড়া জেলার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বুড়িচং ও তিতাসসহ বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রাম এরই মধ্যে ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

স্থানীয়ীয়রা জানায়, গোমতী নদী ছাড়াও কাঁকড়ি, ডাকাতিয়া, পাগলি, সালদা নদী দিয়ে ভারত থেকে হু হু করে পানি আসা অব্যাহত রয়েছে। এতে কুমিল্লা পুরো জেলায় বন্যার শঙ্কা করা হচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী ওয়ালিউজ্জামান বলেন, “গোমতীর কোথাও বাঁধ ভাঙার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিগত সময়ে শহর রক্ষা বাঁধ কেটে ড্রেজারের পাইপ নেওয়াসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত স্থান ভালোভাবে মেরামত করা হচ্ছে।

“ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি টিম নদীর তীরে অবস্থান করে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন।”

কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীপাড়ের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগত বাড়ছে। অবস্থা দেখে মনে হচ্ছে দ্রুতই দুকূল ছাপিয়ে উঠবে নদীর পানি। গত দুই দশকের মধ্যে নদীটিতে এতো পানি দেখা যায়নি। পানি বাড়ায় নদীর চরাঞ্চলের সহস্রাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছেন। এখন বাঁধই রক্ষা করা না গেলে পরিস্থিতি হবে ভয়াবহ।

কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত জেলায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিনদিন আরও বৃষ্টি হতে পারে।

নদীর পানি বেড়ে চরাঞ্চলের বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় গোমতী নদীর শহররক্ষা বাঁধে শতাধিক পরিবারকে আশ্রয় নিতে দেখা গেছে।

তাদেরই একজন মোসলেম মিয়া বলেন, “চরের ভেতর কিছু কিছু জায়গায় ঘরবাড়ি সব ডুবে গেছে। পানিতে সব ভেসে গেছে। হুট করে পানি বাড়ায় ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছুই বের করতে পারেননি মানুষজন।

“কোনরকমে জীবন রক্ষা করে শহর রক্ষা বাঁধে এসে আশ্রয় নিয়েছেন। নদীর চরের সকল ফসল পানিতে তলিয়ে গেছে। এত পানি বিগত কয়েক যুগের মধ্যেও দেখিনি।”

উপজেলার মালাপাড়া এলাকার বাসিন্দা সামছুল আলম বলেন, “আমরা কয়েকটি পরিবার চরের ভেতর বসবাস করি। গোমতী নদীতে এতো পানি আগে কখনো দেখিনি। মঙ্গলবারের রাতে পরিবারের লোকজন ও গবাদি পশু নিয়ে কোন রকমে নদীর পাড়ে এসে আশ্রয় নিয়েছি। ভারত থেকে আসা পানি আমাদের সব শেষ করে দিয়েছে।”

স্থানীয়রা জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া, পালপাড়া, রত্নবতী, টিক্কারচর, জালুয়াপাড়া, বুড়িচং উপজেলার ভান্তি, শিমাইলখাড়া, পূর্বহুড়া, নানুয়ার বাজার, মিথলাপুর, গোবিন্দপুর, বুড়িচং উপজেলার বাজেহুরাসহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে নদীর চরাঞ্চলের কয়েক হাজার একর সবজি ক্ষেথ পানিতে তলিয়ে গেছে।

টানা বৃষ্টি ও ভারতীয় ঢলে কুমিল্লায় গোমতী নদীর চরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইয়ুব মাহমুদ।

তিনি বলেন, “গোমতী নদীর চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি সরে না যাওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্নয় করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তাদের ডেকে জরুরি সভা করা হবে। কৃষি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।”

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, “মঙ্গলবার রাত থেকেই আমি গোমতী নদীর বিভিন্ন পয়েন্টে ঘুরছি। বিভিন্ন এলাকায় গোমতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

“ওইসব এলাকায় স্থানীয়রা মাটি ও বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করছেন। জেলা ও উপজেলা প্রশাসন বিষয়টা নিয়ে কাজ করছে।”