আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে থানায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলনেতা
জজ মিয়া ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সবুজ মিয়াকে শিবপুর থানার ভেতর এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।
নরসিংদীর শিবপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ মঙ্গলবার বলেন, মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের শিবপুর উপজেলার সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানের সময় শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি একাধিক মামলার আসামি নাদিম সরকারকে সোমবার গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে নিতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। তিনি দলীয় পরিচয় দিয়ে পুলিশ সদস্যদের হুমকি-ধমকি দেন।
পরে থানার হাজতখানায় থাকা চেয়ারম্যান নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান জজ মিয়া। এ সময় কনস্টেবল সবুজ মিয়া তাকে বাধা দেন। এতে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সবুজ মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করেন। এ সময় পুলিশ সদস্যরা, ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়েন।
এক পর্যায়ে জজ মিয়া নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও হুমকি দেন। পরে পুলিশ তাকে আটক করে।
শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া পুলিশের কাজে বাধা প্রদান ও মারধরের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার আসামি জজ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া চেয়ারম্যান নাদিম সরকারকেও কারাগারে পাঠানো হয়েছে।
