২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত নারীসহ ২ জনের লাশ উদ্ধার

জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে একজন এবং কালিয়াকৈর থেকে নারীর লাশ উদ্ধার করা হয়।

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত নারীসহ ২ জনের লাশ উদ্ধার

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 06:38 PM

Updated : 22 Sep 2026, 06:38 PM

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে একজন এবং কালিয়াকৈর পৌর এলাকার রেলপথ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফারুক হোসেন।

নিহতদের মধ্যে একজনের নাম মো. খলিলুর রহমান (৪৬)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা গ্রামের মো. ইউনুস বারীর ছেলে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

তবে অপর নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

এসআই ফারুক হোসেন বলেন, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

পরে পিবিআইয়ের সহায়তায় মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয় বলে জানান তিনি।

অপরদিকে ভোরে কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।