শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন পাল রিমান্ডে
১৬ অক্টোবর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার হন চন্দন পাল।
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়িচাপায় কলেজছাত্র নিহতের মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
একইসঙ্গে আরেকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসান ভূঁইয়া এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান।
৪ অগাস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্র গাড়িচাপায় নিহত হন। এ ঘটনায় কয়েকটি মামলা হয়েছে।
১৬ অক্টোবর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার হন চন্দন পাল।
১৭ অক্টোবর তাকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত সেদিন তাকে কারাগারে পাঠায়।
মঙ্গলবার রিমান্ড শুনানির ঘণ্টাখানেক পর স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং তার রিমান্ড বাড়ানোর দাবি জানায়।
