২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি, সড়ক অবরোধ

“সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে, কালো বোরকা পরা একজন নারী শিশুটিকে নিয়ে যাচ্ছে।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 01:29 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। এর জেরে পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা হাসপাতালের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

সোমবার সন্ধ্যায় শিশু চুরির ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সড়ক অবরোধ করেন পরিবারের সদস্য ও সাধারণ লোকজন।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধারের দাবি জানান তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম। এ সময় হাসপাতালে অপরিচিত এক নারীর সঙ্গে ওই দম্পতির পরিচয় হয়। সোমবার সন্ধ্যায় ওই নারী সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে দুই মাস বয়সী শিশু সায়ানকে চুরি করে নিয়ে যায়।

শিশুটির বাবা শিমুল বলছেন, “সোমবার সকাল থেকেই অপরিচিত মহিলাটি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে ইফতারের আগে দুই মাসের ছেলেকে রেখে স্ত্রী ও শাশুড়ি বাথরুমে যান। তারা ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।”

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়েছে। হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে। হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

“ফুটেজে দেখা যাচ্ছে, কালো বোরকা পরা একজন নারী শিশুটিকে নিয়ে যাচ্ছে। আমরা চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।”  

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “শিশুটির বাড়ির লোকজনের সরলতার সুযোগ নিয়ে বোরকা পরা নারীটি কৌশলে বাচ্চাটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায়।

“ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যে বাচ্চাটিকে পাওয়া যাবে।”