২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 12:46 AM

Updated : 26 Aug 2026, 10:22 AM

কুমিল্লায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের কাপাশতলায় এ ঘটনা ঘটে বলে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম জানান।

নিহত আনিসুর রহমান (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার টেরিয়াইলের ভূমি উপসহকারী কর্মকর্তা ছিলেন।

এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাত সাড়ে ১১টার দিকে ওসি মোরশেদ আলম বলেন, “কিছুক্ষণ আগে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি কল করে বিষয়টি আমাকে জানিয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।” 

প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আনিসুর তাদের গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে যান। 

সেখানে উপজেলার বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন তারা। 

দেলোয়ার হোসেন আরও বলেন, সন্ধ্যায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাপাশতলা এলাকায় এলে তাদের ট্রাক্টরটিকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে গুরুতর আহত হন অন্তত পাঁচ জন। গুরুতর অবস্থায় আনিসসহ আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় আহত ময়নাল হোসেন জানান, ট্রাক্টর উল্টে গেলে আনিসুর ঘটনাস্থলেই মারা যান।  

আরেক আহত গোলাম রাব্বি বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় আনিস এসে এলাকার স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।