২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুবকদের হাতে দেশ পরিচালনার ভার দেব’: শফিকুর রহমান

“আমরা দুর্বল নই, আমাদের দুর্বল ভাববেন না। আমরা সভ্য মানুষ, সভ্য ভাবে থাকতে চাই। আমরা রুখে দাঁড়ালে পালানোর পথ পাবেন না।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 04:41 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

আগামী দিনে দেশ পরিচালনার ভার যুবকদের হাতে দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।

রোববার বেলা ১২টায় শেরপুরের ‘শহীদ দারোগ আলী পৌর পার্কে’ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।  

জামায়াতের আমির জনসভায় তিনটি আসনের দলের প্রার্থীদের পরিচয় করিয়ে ভোট প্রার্থনা করেন এবং পরিবর্তনের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেছেন, “আমরা যুবকদের হাতে দেশ পরিচালনার ভার ছেড়ে দেব। আমরা তৈরি হয়ে গেছি, যুবকরা তোমরা তৈরি হয়ে যাও। বাংলাদেশ নামের বিমানের ককপিটে তোমাদের বসিয়ে দিয়ে আমরা বসবো প্যাসেঞ্জার সিটে।

এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান জামায়াতের আমীর।  

পরে শ্রীবরদী উপজেলা জামায়েত সেক্রেটারি নিহত রেজাউল করিমের গ্রামের বাড়ি গোপালখিলায় গিয়ে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সান্তনা দেন।

শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের নেতাকর্মীরা সকাল থেকেই নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে শহীদ দারোগ আলী পৌর পার্কে জড়ো হন। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। শহীদ দারোগ আলী পৌর পার্কসহ সঙ্গে লাগোয়া পৌর ঈদগা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

শেরপুর জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা জামাতের সাবেক আমির শাহাদাত হোসাইন, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জামায়াত নেতা হাফেজ আব্দুল বাতেন, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ লিখন মিয়া, শেরপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম ও শেরপুর-২ আসনের জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া।

শফিকুর রহমান বলেন, “আমরা দুর্বল নই, আমাদের দুর্বল ভাববেন না। আমরা সভ্য মানুষ, সভ্য ভাবে থাকতে চাই। আমরা রুখে দাঁড়ালে পালানোর পথ পাবেন না।” 

শেরপুরের উন্নয়নে দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে তিনি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, যোগাযোগ উন্নয়নে রেললাইন স্থাপন এবং কৃষি খাতে ভেজিটেবল ইপিজেড স্থাপনের আশ্বাস দেন।

দুপুর দেড়টার দিকে জনসভা শেষে হেলিকপ্টারে করে শেরপুর থেকে জামালপুরের জনসভার উদ্দেশ্যে রওনা দেন।