২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিজিবির অভিযানে ‘৮১ লাখ টাকার’ ভারতীয় ওষুধ জব্দ

পানিহাতা এলাকায় অভিযান শুরু করলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 07:15 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার দুপুরে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। বিজিবির সদস্যরা পানিহাতা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করলে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-৩৯ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় ওষুধের চালান আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।