ঝালকাঠিতে শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান।
ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান।
নিহত ইকবাল হোসেন হাওলাদার (৪৫) ওই এলাকার মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, ইকবাল কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে বাড়ির বাইরে ছিলেন। এর মধ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়।
স্থানীয়রা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরিফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
