১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সড়কে নোয়াখালী কলেজের ২ শিক্ষার্থী নিহত: স্মরণ সভায় নিজস্ব পরিবহনের দাবি

সোমবারের মধ্যে কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 10:14 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ট্রাক চাপায় নিহত দুই সহপাঠীকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

নিহত দুইজনের স্মরণে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কলেজে কফিন মিছিল, গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন।

এর আগে মঙ্গলবার দুপুরে কবিরহাট উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে ট্রাক চাপায় ওই দুই শিক্ষার্থীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। 

নিহতদের একজন ছিলেন নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬) এবং অপরজন একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান।

নিহত দুই সহপাঠীর স্মরণে সকালে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্যে মানববন্ধনে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ পরিবহন নিশ্চিত করার দাবি তোলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দেশের বেশিরভাগ কলেজ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী সরকারি কলেজের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই। অন্যদিকে কলেজে পর্যাপ্ত আবাসিক হল না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীকে প্রতিদিন বাসাবাড়ি থেকে গণপরিবহনে আসা যাওয়া করতে হয়। 

শিক্ষার্থীরা প্রায় গণপরিবহনে হেনস্তার শিকার হন। এ ছাড়া অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন শিক্ষার্থী; এতে প্রাণহানির ঘটনাও ঘটে। সবশেষ দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু ঘটল।

মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়নরত জেলার নয়টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও ফেনী জেলার ২০ হাজার শিক্ষার্থীর নিরাপদ যাতায়াতের জন্য দ্রুত সময়ের মধ্যে কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।

আগামী সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সাধারণ সম্পাদক আলামিন হোসেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মনির হোসেন প্রান্ত, দর্শন বিভাগের শিক্ষার্থী গোলাম শাহরিয়ার, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অপূর্ব হাসান বক্তব্য দেন। 

কলেজের নিজস্ব পরিবহনের বিষয়ে অধ্যক্ষ জাকির হোসেন বলেন, “শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে মানববন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সব প্রতিষ্ঠানে সবকিছু সমানভাবে হয় না। পাবনা সরকারি কলেজে ১০টি গাড়ি আছে। আর আমাদের কোনো গাড়িতো নেয়ই উল্টো কলেজের ছয়টি ভবন দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। 

“যোগদানের পর থেকে আমি এসব বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আসছি। সবাই বিস্মিত হয়ে যান, একটি পুরাতন কলেজে এতদিনেও এসব সমস্যার সমাধান হলো না জেনে।”

শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনার জন্য রোববার অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে; সেখানে যা সিদ্ধান্ত হবে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান অধ্যক্ষ জাকির হোসেন।

নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত

নোয়াখালীতে অটোরিকশা চালকসহ নিহত ৬, ট্রাক চালক আটক

নোয়াখালীর ট্রাক চাপায় নিহত ৬: চালককে আসামি করে মামলা