Published : 05 Nov 2025, 05:13 PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার ছয় আরোহী নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ট্রাক চালককে।
বুধবার সকালে নিহত অটোরিকশা চালক শাহ্ আলম খোকনের ছেলে ফিরোজ আলম আবিদ বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা করে বলে কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান।
মামলার একমাত্র আসামি ট্রাক চালক আবদুর জাহের (৪০) লক্ষীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চর সীতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার চার ঘণ্টার মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে তাকে গেপ্তার করেছে পুলিশ।
মঙ্লবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন বলে জানিয়েছেন ওসি শাহীন মিয়া।
এর আগে মঙ্গলবার দুপুরে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনায় ছয়জন নিহত হন।
নিহতরা হলেন- অটোরিকশা চালক কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত খোরশেদ আলমের ছেলে শাহ্ আলম খোকন (৪৫), একই উপজেলার রামপুর ইউনিয়নের বামনি এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে ইসরাত জাহান (২৩), মফিজ মিয়ার স্ত্রী বিবি কুলসুম (৪৫), দিদারুল আলমের স্ত্রী মনি বেগম (২২), চর কাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে সুলতান আহমেদ সুমন (৩৮) এবং সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ডা. আবুল কাশেমের ছেলে তামিম হাসান (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচ যাত্রী নিয়ে অটোরিকশাটি কোম্পানীগঞ্জ উপজেলা সদর বসুরহাট যাচ্ছিল।
পথে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে কিছুদূরে নিয়ে যায়।
এতে চালকসহ অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে বুধবার মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আগের সংবাদ