Published : 04 Nov 2025, 08:38 PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।
নিহতরা হলেন- নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬), একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান, অটোরিকশা চালক শাহ্ আলম খোকন (৪৬), যাত্রী সুলতান আহমদ সুমন (৩৩), বিবি কুলসুম এবং জান্নাত।
তামিম হাসান সেনবাগ উপজেলার নবীপুরের আবুল কালামের ছেলে। ইসরাত জাহান কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গিয়াস উদ্দিনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দূরে নিয়ে যায়।
এতে অটোরিকশা চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
তামিম হাসানের বাবা আবুল কালাম বলেন, তামিম তাদের একমাত্র ছেলে। কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল সে। ছেলের মৃত্যুর খবরে তার মা জ্ঞান হারিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের কবিরহাট স্টেশনের প্রধান ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় পৌঁছে দিয়েছেন তারা। অপর তিনজনের মধ্যে দুইজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনের লাশ কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ওসি শাহীন মিয়া বলেন, ঘটনার পরপর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।