২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে অটোরিকশা চালকসহ নিহত ৬, ট্রাক চালক আটক

শহরের মাইজদী থেকে যাত্রী নিয়ে বসুরহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় দুই শিক্ষার্থীসহ অটোরিকশার পাঁচ যাত্রী ও চালক নিহতের ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ঘটনার চার ঘণ্টার মধ্যে সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।

আটক আব্দুর জাহের (৪০) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্ব চরশিতা গ্রামের তিতা মিয়া পণ্ডিত বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।

এর আগে দুপুরে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনায় ছয়জন নিহত হন। 

নিহতরা হলেন- অটোরিকশা চালক কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত খোরশেদ আলমের ছেলে শাহ আলম খোকন, একই পৌরসভার গিয়াস উদ্দিনের মেয়ে ইসরাত জাহান, কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়ার সিরাজুল হকের ছেলে সুলতান আহমদ সুমন, সেনবাগ উপজেলার নবীপুরের আবুল কালামের ছেলে তামিম হাসান, বিবি কুলসুম ও জান্নাত।

এর মধ্যে তানিম হাসান নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ইসরাত জাহান একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ২টার দিকে জেলা শহরের মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বসুরহাট যাচ্ছিল। পথে অটোরিকশার সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দূরে নিয়ে যায়।

এতে অটোরিকশা চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কবিরহাট স্টেশনের প্রধান ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। অপর তিনজনের মধ্যে দুইজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং একজনের লাশ কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ওসি শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক রেখে চালক পালিয়ে গেলেও চার ঘণ্টার মধ্যে তাকে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত