২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় কারাবন্দি আসামির মৃত্যু

কারাধ্যক্ষ জানান, গত ১৫ সেপ্টেম্বর থেকে ওই আসামি কারাগারে ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 09:26 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকা আসামির মৃত্যু হয়েছে। 

রোববার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান বলে গোপালগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ তানিয়া জামান জানান।

নিহত আলিমুজ্জামান চৌধুরী (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

জেলা কারাগারের কারাধ্যক্ষ তানিয়া জামান বলেন, গত ১৫ সেপ্টেম্বর আলিমুজ্জামান চৌধুরীকে কারাগারে আনা হয়।

কারগারের চিকিৎসক দেবব্রত বিশ্বাস বলেন, “ওই আসামির উচ্চ রক্তচাপ ছিল। রোববার কারাগারে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। 

“তাকে প্রথমে গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে অনুষ্ঠিত এক পথসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য নিজ গ্রাম টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর উদ্দেশে রওনা হন।  

বিকাল সাড়ে ৫টার দিকে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জিলানীর গাড়িবহরে হামলা চালায়। এতে জিলানীসহ সংগঠনের অর্ধশত নেতাকর্মী আহত হন। 

জিলানীর গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। 

মরদেহ ঘটনাস্থলের অদূরে পাথালিয়া বাংলালিংক টাওয়ারের রাস্তার খাদে ফেলে রাখা হয়। এ সময় ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। 

সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আলিমুজ্জামানও ছিলেন। হামলা-গাড়ি ভাঙচুরের সময় তিনি আহত হন।  

হামলাস্থলে আহত হওয়ার দুই দিন পর আলিমুজ্জামান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে ৫৪ ধারায় আটক করে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।   

এদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার নিহতের ঘটনায় ১৭ সেপ্টেম্বর তার স্ত্রী রাবেয়া রহমান (৩২) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় অন্যদের সঙ্গে কারাগারে থাকা আলিমুজ্জামানকেও আসামি করা হয়। 

নিহত আলিমুজ্জামানের শ্যালক নাদিম চৌধুরী বলেন, “রোববার সকালে কারা কর্তৃপক্ষ ভগ্নিপতির অসুস্থতার কথা পরিবারকে জানায়।  

“এরপর তাকে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। তবে আগে তার শারীরিক কোনো সমস্যা ছিল না।”