ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৬৭ শিশুর মৃত্যু হলো।
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ শিশুর মৃত্যু হলো।
শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ১০ মাস। বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।
শিশুটি ২৮ জুলাই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ময়মনসিংহে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না হাম সংক্রমণ। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১২ শিশু।
মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩ হাজার ১৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৯৮২জন।
বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন।
