রাকসু নির্বাচন: ২৪-২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ
“২৫ সেপ্টেম্বর যেহেতু সব অ্যাকাডেমিক ভবনে ভোট হবে, তাই তখন কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ এ তথ্য জানান।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
অধ্যাপক মাসউদ বলেন, “ভোটগ্রহণ যেহেতু সব অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে তাই ২৪ তারিখ প্রস্তুতি এবং ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের কারণে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই এই দুদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।”
২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচার চলবে।
