১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কারখানায় আগুন আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ৫০

ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়িতে নামতে গিয়ে অর্ধশত শ্রমিক কমবেশি আহত হয়েছেন। পরে তাদের তাইরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, দুপুর ১২টার দিকে কারখানার সপ্তম তলায় একটি সকেট পুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় অটো ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।

এ সময় তাড়াহুড়া করে দ্রুত নামতে গিয়ে কয়েকজন শ্রমিক সিঁড়িতে পড়ে গিয়ে কিছুটা আহত হন এবং ১০-১৫ জন শ্রমিক ভয়ে অজ্ঞান হয়ে যান।

তাৎক্ষণিকভাবে তাদেরকে তাইরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকরা কারখানা থেকে নেমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ায় সেখানে সাময়িক যানজট সৃষ্টি হয়।

পরে কারখানা কর্তৃপক্ষ একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। দুপুর ১টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

আহত শ্রমিকদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এবং তাইরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচ শ্রমিক চিকিৎসাধীন।

কারখানার পরিচালক মো. শামীম আহমেদ বলেন, “ফায়ার অ্যালার্ম শুনে তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন। পরে তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।”